আগরতলা: চিকিৎসকদের দ্রুত তৎপরতা ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল মাত্র ৯ মাসের এক শিশু। দুর্ঘটনাবশত কয়েন ব্যাটারি গিলে ফেলেছিল সাব্রুমের বাসিন্দা শিবাংশ। আগরতলার ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালের চিকিৎসক ও এন্ডোস্কোপি দলের দক্ষ প্রচেষ্টায় পেডিয়াট্রিক এন্ডোস্কোপির মাধ্যমে শিশুটির শরীর থেকে সফলভাবে ব্যাটারিটি বের করে আনা সম্ভব হয়েছে। বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই এই জটিল চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আপাতত বিপদমুক্ত শিশুটি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি কয়েন ব্যাটারি গিলে ফেলার পর পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে এক্স-রে পরীক্ষায় দেখা যায়, ব্যাটারিটি শিশুটির পরিপাকতন্ত্রের গভীরে, ক্ষুদ্রান্ত্রের দিকে আটকে রয়েছে। চিকিৎসকদের মতে, এক বছরের কম বয়সী শিশুর শরীরে কয়েন ব্যাটারি প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক। ব্যাটারির রাসায়নিক বিক্রিয়ার কারণে পরিপাকতন্ত্রের অভ্যন্তরে গুরুতর ক্ষত সৃষ্টি হওয়া, এমনকি পাকস্থলী বা অন্ত্র ফুটো হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। ফলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি হয়ে পড়ে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাতেই জরুরি ভিত্তিতে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এন্ডোস্কোপি দল এবং অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞদের সহযোগিতায় শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রখ্যাত চিকিৎসক ডাঃ অমিতাভ রায়ের নেতৃত্বে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় পেডিয়াট্রিক এন্ডোস্কোপির মাধ্যমে সফলভাবে কয়েন ব্যাটারিটি বের করে আনা হয়। উল্লেখযোগ্য বিষয়, এই চিকিৎসার জন্য শিশুটিকে বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
এই সফল চিকিৎসা পরিষেবা নিয়ে রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন হাসপাতালের পক্ষ থেকে ডাঃ অমিতাভ রায়, ডাঃ কমলিকা সেনগুপ্ত এবং অ্যাডমিন ম্যানেজার প্রশান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা অভিভাবকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁদের বক্তব্য, ছোট শিশুদের হাতের নাগালে কখনোই কয়েন ব্যাটারি, ক্লিপ, ব্লেড কিংবা অন্য কোনো ধারালো ও বিপজ্জনক বস্তু রাখা উচিত নয়। অসাবধানতাবশত এ ধরনের বস্তু গিলে ফেললে তা শিশুর জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালে দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি পেডিয়াট্রিক এন্ডোস্কোপি পরিষেবা উপলব্ধ রয়েছে। এই ঘটনায় সময়মতো চিকিৎসা এবং চিকিৎসক দলের তৎপরতা যে একটি শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।



