আগরতলা: আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির প্রচার যেমন ক্রমশ জোরদার হচ্ছে, তেমনই ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন। এরই অংশ হিসেবে আগরতলা পুর নিগম নির্বাচনের জন্য বুধবার থেকে উমাকান্ত অ্যাকাডেমিতে শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কমিশনিংয়ের কাজ। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং কোনও ধরনের অনিয়মের সুযোগ না রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রিটার্নিং অফিসার মানিক লাল দাস জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত কর্মসূচি অনুসারে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ইভিএম কমিশনিংয়ের কাজ চলবে। উমাকান্ত অ্যাকাডেমির তিনটি পৃথক হলে ভাগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রথম হলে ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের, দ্বিতীয় হলে ১৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ডের এবং তৃতীয় হলে ৩৫ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের ইভিএম কমিশনিং করা হচ্ছে। উল্লেখ্য, আগরতলা পুর নিগমের মোট ওয়ার্ড সংখ্যা ৫১টি। কমিশনিংয়ের প্রতিটি ধাপে যাতে নির্ধারিত নিয়ম মেনে কাজ সম্পন্ন হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। রিটার্নিং অফিসার জানান, এই কাজে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ইভিএম পরিচালনা ও প্রযুক্তিগত বিষয়গুলি দেখভালের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়াররাও উপস্থিত রয়েছেন। তাঁদের তত্ত্বাবধানে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে মেশিনগুলির কমিশনিং করা হচ্ছে।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উমাকান্ত অ্যাকাডেমি চত্বরে জোরদার করা হয়েছে নজরদারি। গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ ভিডিও রেকর্ডিংয়ের আওতায় রাখা হয়েছে। প্রবেশপথে নিরাপত্তা পরীক্ষার জন্য রয়েছে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর। এছাড়াও কমিশনিং হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরাও। মানিক লাল দাস আরও জানান, কমিশনিং প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের প্রতিনিধিদের পাঠিয়েছে। তাঁদের উপস্থিতিতে প্রশাসনিক নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ পরিচালিত হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি স্তরে স্বচ্ছতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলির সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর আগরতলা পুর নিগমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগর সংস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতি চালাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। ইভিএম কমিশনিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর পরবর্তী নির্বাচনী প্রস্তুতিও নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া হবে।



