Monday, November 16, 2026
বাড়িখবররাজ্যভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকীতে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, আদিবাসীদের অধিকার নিয়ে সরব...

ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকীতে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, আদিবাসীদের অধিকার নিয়ে সরব আশীষ সাহা

আগরতলা: আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও জনজাতি সমাজের মহান নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো রাজ্যেও। রবিবার ১৫ নভেম্বর সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মহান সংগ্রামীকে স্মরণ করেন বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃত্ব। একইভাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসটি ডিপার্টমেন্টের উদ্যোগেও আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের।

আগরতলার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। তাঁর সংগ্রামী জীবন, আত্মত্যাগ এবং আদিবাসী সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আদিবাসী সমাজের কাছে ভগবান বিরসা মুন্ডা অত্যন্ত শ্রদ্ধার ও অনুপ্রেরণার ব্যক্তিত্ব। আদিবাসী পরিবারের সন্তান হিসেবে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। বিশেষ করে আদিবাসীদের জমির অধিকার, সাংস্কৃতিক পরিচয় এবং বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর সংগ্রাম ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।

আশীষ কুমার সাহা আরও বলেন, বিরসা মুন্ডার আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান কেবল আদিবাসী সমাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি আজও অনুপ্রেরণার উৎস। তাঁর জীবন ও আন্দোলন আমাদের অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা দেয়।

তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, বিজেপি শাসনকালে আদিবাসী সমাজের মানুষ সবচেয়ে বেশি অবহেলার শিকার হচ্ছেন। বিরসা মুন্ডা যে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন, বর্তমান সময়ে সেই অধিকার রক্ষার প্রশ্নেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন ভগবান বিরসা মুন্ডা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণ ও আদিবাসীদের অধিকার হরণের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর জন্মদিন উপলক্ষে ১৫ নভেম্বর দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়। প্রদেশ কংগ্রেসের এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মধ্য দিয়ে তাঁর সংগ্রামী আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নও সামনে তুলে ধরা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য