Thursday, November 5, 2026
বাড়িখবররাজ্যসরকারি স্কুল বন্ধের প্রতিবাদে আগরতলায় এসএফআই-টিইউর ছাত্র মিছিল, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি...

সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে আগরতলায় এসএফআই-টিইউর ছাত্র মিছিল, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি ঐশী ঘোষের

পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে যখন উত্তাপ ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময়েই বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে রাজধানী আগরতলায় আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এবার সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা এবং স্কুল বন্ধের প্রতিবাদে রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র সংগঠন—ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) এবং উপজাতি ছাত্র ইউনিয়ন (টিএসইউ)। বুধবার ‘স্কুল বাঁচাও, সরকারি শিক্ষা বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে দুই সংগঠনের যৌথ উদ্যোগে আগরতলা শহরে এক ছাত্র মিছিল সংঘটিত হয়। কৃষ্ণনগরের সুপারি বাগানস্থিত দশরথ দেব অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলায় গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রছাত্রী ও সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে অংশ নেন এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা ঐশী ঘোষ, সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন দেব, উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা-সহ অন্যান্য নেতৃত্ব। সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন, স্কুল বন্ধের প্রবণতা রোধ এবং শিক্ষার অধিকার সুনিশ্চিত করার দাবিতে তাঁরা সরব হন।

মিছিল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা ঐশী ঘোষ সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া সরকারের শিক্ষা নীতির ব্যর্থতারই প্রতিফলন। ত্রিপুরাতেও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। কিন্তু বাস্তবে সরকারি শিক্ষার পরিকাঠামো ও সুযোগ-সুবিধার উন্নয়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ঐশী ঘোষের দাবি, বিজেপি শাসনকালে সারা দেশে এক লক্ষেরও বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে সরকারের যথেষ্ট গুরুত্ব নেই। তিনি কেন্দ্রের শাসকদলের অর্থনৈতিক নীতি নিয়েও সমালোচনা করেন এবং আদানি-আম্বানির মতো বৃহৎ শিল্পগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তোলেন। সরকারি স্কুলের মৌলিক পরিকাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, একটি সরকারি স্কুলে যদি পর্যাপ্ত লাইব্রেরি, শৌচাগার এবং প্রয়োজনীয় শিক্ষার পরিবেশ না থাকে, তবে তা অত্যন্ত লজ্জাজনক। শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অথচ সেই দাবিতে আজ ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ঐশী ঘোষ আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রকৃত পরিবর্তন চাইছেন ছাত্র ও যুবসমাজ। সরকারি স্কুলগুলিকে বন্ধ করার পরিবর্তে সেগুলিকে আরও শক্তিশালী করা, শিক্ষার পরিকাঠামো উন্নত করা এবং সাধারণ পরিবারের ছেলেমেয়েদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার। সব মিলিয়ে নির্বাচনী আবহের মধ্যেই সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে এসএফআই ও টিএসইউর এই যৌথ মিছিল রাজধানীর রাজপথে নতুন করে ছাত্র আন্দোলনের বার্তা দিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য