উৎসবের আনন্দের মাঝেও শহরে চুরির ঘটনা অব্যাহত ছিল। বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির পাশাপাশি রাস্তা থেকে যানবাহন চুরির অভিযোগও সামনে আসে। তবে উৎসবের রেশ কাটতে না কাটতেই একাধিক চুরির ঘটনার তদন্তে নেমে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। পৃথক কয়েকটি ঘটনায় অভিযান চালিয়ে চার নাবালককে আটক করার পাশাপাশি দুটি বাইক, একটি স্কুটি এবং একটি টমটম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আগরতলার রাস্তা থেকে আড়াই লক্ষ টাকারও বেশি বাজারমূল্যের একটি ইয়ামাহা বাইক চুরি হয়। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল জানতে পারে, দুই নাবালক বাইকটি নিয়ে বিমানবন্দর এলাকার দিকে যাচ্ছে। এরপর পুলিশ তাদের পিছু ধাওয়া করে নতুননগর এলাকায় বাইকটি আটক করে। বাইকের সঙ্গে থাকা দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশের দাবি, আটক নাবালকদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরও একটি চুরি যাওয়া স্কুটির সন্ধান মেলে। পরে বিমানবন্দর থানার পুলিশের সহযোগিতায় স্কুটিটি উদ্ধার করা হয়। পাশাপাশি দশমীর আগের দিন চুরি যাওয়া আরও একটি বাইকও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, দশমীর সময় এক যুবকের টমটম চুরির অভিযোগ সামনে আসে। ওই অভিযোগের ভিত্তিতে রাতের ডিউটিতে থাকা পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চুরি যাওয়া টমটমটি উদ্ধার করা সম্ভব হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে।সব মিলিয়ে পৃথক চুরির ঘটনার তদন্তে দুটি বাইক, একটি স্কুটি ও একটি টমটম উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনাগুলির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উৎসবের মরশুমে একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশের এই সাফল্য ঘিরে শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে।



