পূজার আনন্দের মধ্যেই ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুরের তরুণী দাসপাড়া এলাকায়। আহত যুবকের নাম সুজিত দাস। তাঁর আঘাত গুরুতর হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, পূজা দেখতে গিয়েই হামলার শিকার হন সুজিত। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার সঙ্গে গোপাল দাস ও রঞ্জিত দাস জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন আহত যুবকের বাবা সুভাষ দাস। পেশায় কৃষক সুভাষ দাসের দাবি, বন্ধুদের বাঁচাতে গিয়েই রক্তাক্ত হতে হয়েছে তাঁর ছেলেকে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুভাষ দাস আরও অভিযোগ করেন, গত বছরও পূজার সময় তাঁর ছেলের উপর হামলার ঘটনা ঘটেছিল। বারবার তাঁর ছেলেকেই কেন আক্রমণের শিকার হতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, বিষয়টি এলাকার বিধায়ক পিনাকী দাসকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। আহত যুবকের বাবার আরও অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিজেপির সঙ্গে যুক্ত। তিনি নিজেও শাসক দলের সমর্থক বলে দাবি করে বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাঁর ছেলের উপর বারবার হামলার ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। এদিন সংবাদমাধ্যমের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সুভাষ দাস। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তসাপেক্ষ। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে বলেই প্রত্যাশা।



