Tuesday, September 22, 2026
বাড়িখবররাজ্যপুজোর বোনাস ও অনুদানের দাবিতে রাস্তায় সিআইটিইউ, শ্রম কমিশনারকে স্মারকলিপি

পুজোর বোনাস ও অনুদানের দাবিতে রাস্তায় সিআইটিইউ, শ্রম কমিশনারকে স্মারকলিপি

সামনেই বাঙালির অন্যতম প্রধান উৎসব শারদীয়া দুর্গোৎসব। ইতিমধ্যেই শহর থেকে গ্রাম—ক্লাবে ক্লাবে শুরু হয়ে গিয়েছে দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি। উৎসবের আনন্দের পাশাপাশি দুর্গাপুজোকে ঘিরে বাড়ে সাধারণ মানুষের অতিরিক্ত খরচও। সেই বাড়তি খরচ সামাল দিতে প্রতিবছর বিভিন্ন শিল্প কারখানা, প্রতিষ্ঠান ও অফিস-আদালতের কর্মী-শ্রমিকরা পুজোর বোনাস ও অনুদানের অপেক্ষায় থাকেন। তবে পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই অনেক শ্রমিক-কর্মচারী এখনও বোনাস ও অনুদান থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখে পুজোর আগেই শ্রমিকদের বোনাস ও বিভিন্ন অনুদান নিশ্চিত করার দাবিতে সরব হল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ। মঙ্গলবার একাধিক দাবিতে শ্রম দপ্তরের কমিশনারের কাছে গণডেপুটেশন দেয় সংগঠনটি। এদিন সিআইটিইউ কার্যালয় থেকে শ্রমিক-কর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে জমায়েত হয়। পরে সিআইটিইউর একটি প্রতিনিধি দল শ্রম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি তাঁর হাতে তুলে দেওয়া হয়। পুজোর আগে শ্রমিকদের প্রাপ্য বোনাস ও অনুদান প্রদানের পাশাপাশি শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

এদিনের গণডেপুটেশনের নেতৃত্ব দেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে এবং সংগঠনের সম্পাদক শংকর প্রসাদ দত্ত। ডেপুটেশনকে কেন্দ্র করে শ্রম দপ্তরের সামনে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শ্রম ব্যবস্থা ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। মানিক দে-র বক্তব্য, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করার জন্যই শ্রম কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু কমিশন তার যথাযথ দায়িত্ব পালন করছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন শ্রমিক ও মালিকের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে শ্রমিকদের অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, লেবার কোড চালু করে শ্রমিকদের বিভিন্ন অধিকার হরণ করা হয়েছে। সিআইটিইউ সভাপতি বলেন, শ্রমিকদের অধিকার হরণ মেনে নেবে না তাঁদের সংগঠন। শ্রমজীবী মানুষের স্বার্থে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এদিনের বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের রাজনৈতিক অবস্থান নিয়েও তীব্র আক্রমণ শানান মানিক দে। তাঁর দাবি, বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন নেই এবং গায়ের জোরে সরকার ক্ষমতায় টিকে রয়েছে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বাজারদর ও শ্রমিকদের আয়ের প্রসঙ্গ তুলে ধরে সিআইটিইউ নেতৃত্বের অভিযোগ, একদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম লাগামহীনভাবে বাড়ছে, অন্যদিকে শ্রমিকদের মজুরি কমছে। ফলে উৎসবের সময় শ্রমজীবী মানুষের উপর আর্থিক চাপ আরও বাড়ছে। পুজোর আগে শ্রমিকদের বোনাস ও অনুদান নিশ্চিত করা এবং তাঁদের অন্যান্য দাবি পূরণের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে সিআইটিইউ। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য