এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলছে ড্রেন নির্মাণের কাজ। তবে সেই নির্মাণকাজকে ঘিরেই এবার উঠল নিম্নমান ও অনিয়মের অভিযোগ। অভিযোগের প্রতিবাদে রবিবার কৈলাসহর পুর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের থানা সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। কোথাও রাস্তার পাশে মাটি ও নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে, আবার কোথাও নির্মাণকাজের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এলাকাবাসীদের আরও অভিযোগ, বেশ কিছু জায়গায় ড্রেনের নির্মাণকাজ সঠিক পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। কোথাও কোথাও ড্রেন আঁকাবাঁকা করে নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী ও কাজের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে এর আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু অভিযোগের পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে রবিবার নির্মাণকাজ বন্ধ করে দেন এলাকাবাসীরা।
এলাকাবাসীরা স্পষ্ট জানিয়েছেন, সরকারি অর্থে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই কাজের গুণমান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না। নির্মাণকাজের গুণমান খতিয়ে দেখার পাশাপাশি অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করার দাবিও জানানো হয়েছে।উল্লেখ্য, একই ধরনের অভিযোগ তুলে সম্প্রতি নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সমাজসেবী সমীর পুরকায়স্থ। তাঁর অভিযোগেও নির্মাণকাজের মান এবং বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।এদিকে, রবিবার এলাকাবাসীরা কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে নিম্নমানের নির্মাণকাজ ও অনিয়মের অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর কিংবা নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে এলাকাবাসীর।



