১০ আগস্ট ‘ভারত ছাড়ো দিবস’-এর ৮৪তম বার্ষিকী উপলক্ষে কৃষক ও শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে দেশজুড়ে জেল ভরোসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরাতেও কর্মসূচি পালন করে কৃষক সংগঠনগুলি। সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম শরিক সংগঠন এআইকেকেএমএস-এর ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে এদিন ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকলিপি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের মাধ্যমে প্রেরণ করা হয়। সংগঠনের রাজ্য ইউনিটের সম্পাদক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে কৃষি বিপণন সংক্রান্ত জাতীয় নীতি কার্যকর না করার দাবি জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, এই নীতির মাধ্যমে স্থগিত হওয়া তিনটি কৃষি আইনকে ঘুরপথে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাই কৃষক স্বার্থবিরোধী এই নীতি কার্যকর না করার দাবি জানানো হয়। পাশাপাশি কৃষি উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইনসিদ্ধ করা, কৃষকের আত্মহত্যা রোধে কৃষিঋণ মুকুব, আত্মহত্যাকারী কৃষকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ একাধিক দাবি জানানো হয়েছে। এছাড়াও শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রম আইন বাতিল, রেগার কাজ নিয়মিতভাবে চালু করে বছরে ২০০ দিনের কর্মসংস্থান এবং দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থে দীর্ঘদিন ধরে যে দাবিগুলি জানানো হচ্ছে, সেগুলির বাস্তবায়ন না হলে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করা হবে। কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতেই দেশব্যাপী এই কর্মসূচি বলে জানান তাঁরা।



