এসটিজিটি-২০২৫ পরীক্ষার ফল প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও এখনও মেধাতালিকা প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বুধবার এই দাবিতে আবারও আগরতলার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট রয়েছে। অথচ যোগ্যতা অর্জন করার পরও এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অনির্দিষ্ট কারণে আটকে রয়েছে। এতে একদিকে যেমন শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়েছে।
হাতে প্ল্যাকার্ড নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরিপ্রার্থীরা টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা অবিলম্বে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে মেধাতালিকা প্রকাশ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব তাঁদের হতাশ না হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দুর্গাপূজার আগেই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। যদিও এই আশ্বাসে বিক্ষোভকারীরা কিছুটা আশ্বস্ত হয়েছেন, তবুও নিয়োগের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হওয়ায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। চাকরিপ্রার্থীদের দাবি, আর বিলম্ব না করে দ্রুত মেধাতালিকা প্রকাশ করে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে।



