আগরতলার ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে আবাসিকদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর সোমবার সকালে ছাত্রীনিবাস পরিদর্শনে যান তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অভিযোগ খতিয়ে দেখে একাধিক তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।
রাজধানীর জগন্নাথবাড়ি রোড সংলগ্ন ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে দীর্ঘদিন ধরে আবাসিক ছাত্রীদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ, সরকারিভাবে বরাদ্দ হওয়া চাল, ডাল, তেল, সবজি ও অন্যান্য খাদ্যসামগ্রীর সঙ্গে হিসাবের মিল না থাকায় সন্দেহের সৃষ্টি হয় আবাসিকদের মধ্যে। এরপর ছাত্রীরা নিজেরাই নজরদারি শুরু করেন। রবিবার রান্নার কাজ শেষ করে বাড়ি ফেরার সময় রাঁধুনিদের ব্যাগ তল্লাশির দাবি জানানো হয়। অভিযোগ, এসময় একজন পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করে তাদের ব্যাগ থেকে চাল, ডাল, তেল, কাঁচা সবজি এবং রান্না করা মাংসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তিনজনকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রীরা।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সোমবার সকালে তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দপ্তরের আধিকারিকদের নিয়ে ছাত্রীনিবাসে পৌঁছান। সেখানে আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানেন এবং ছাত্রীনিবাসের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে মন্ত্রী চলমান সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি রান্নার কাজে নিযুক্ত রাঁধুনিদের, ছাত্রীনিবাসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং নিরাপত্তারক্ষীকে অবিলম্বে অন্যত্র বদলির নির্দেশ দেন। মন্ত্রীর এই তাৎক্ষণিক পদক্ষেপে আবাসিক ছাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।



