ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত বছর বাঁচাও পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এই ফল প্রকাশের মধ্য দিয়ে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামগ্রিক পাশের হার আরও বৃদ্ধি পেয়েছে। পর্ষদের তথ্য অনুযায়ী, গত ৮ মে ঘোষিত মূল ফলাফলে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৪.১৮ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৭৯.৩৩ শতাংশ।
পরবর্তীতে অনুষ্ঠিত বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক স্তরে ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক স্তরে ১,৫৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫০ জন সফলভাবে উত্তীর্ণ হন। এর ফলে ২০২৬ সালের চূড়ান্ত ফলাফলে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৯২ শতাংশ, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার হয়েছে ৮০.৬৫ শতাংশ।বৃহস্পতিবার পর্ষদ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি বলেন, বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। তিনি আরও জানান, আগামী আগস্ট মাস থেকে পর্ষদের পক্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম শুরু করা হবে।



