রাজ্যের সর্ববৃহৎ সরকারি হাসপাতাল আগরতলা গোবিন্দ বল্লভ (জিবি) হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমান। তবে উন্নত চিকিৎসার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। চিকিৎসার জন্য এসে চুরি ও ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগও প্রায়ই সামনে আসছে। বৃহস্পতিবার দুপুরে জিবি হাসপাতাল চত্বরে ফের এমনই এক ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। অভিযোগ, এক রোগীর পরিজনের পকেট থেকে মানিব্যাগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। ঘটনাটি সেখানে উপস্থিত অন্য একজনের নজরে পড়তেই তিনি দ্রুত অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, জিবি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ২৪ ঘণ্টাই বেসরকারি নিরাপত্তাকর্মীরা মোতায়েন থাকলেও, হাসপাতাল চত্বরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়মিত ঘটছে বলে অভিযোগ। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের পরিজনদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে আসা সাধারণ মানুষের দাবি, শুধু চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন নয়, হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা জরুরি, যাতে রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা নিশ্চিন্তে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



