আগামীকাল আগরতলায় শুরু হচ্ছে ইসকন হরেকৃষ্ণ মন্দিরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট জনপ্রতিনিধিরাও। সাতদিন ধরে চলবে গুন্ডিচা মন্দিরে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি।
প্রতি বছরের মতো এবারও উৎসবের আবহে সাজছে আগরতলার আশ্রম চৌমুনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ। আগামী ১৬ই জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টায় এখান থেকেই শুরু হবে রথযাত্রা উৎসব। রথের রশিতে টান পড়ার মধ্য দিয়ে উৎসবের সূচনা করবেন ত্রিপুরার মহামান্য রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এবং সাংসদ রাজীব ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রথযাত্রার পর সাতদিন গুন্ডিচা মন্দির প্রাঙ্গণে চলবে রথের মেলা। থাকছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। প্রতিদিন অনুষ্ঠিত হবে আধ্যাত্মিক নাটক, ভজন ও নৃত্যানুষ্ঠান। ভক্তদের জন্য প্রতিদিন সন্ধ্যায় বিতরণ করা হবে সুস্বাদু কৃষ্ণপ্রসাদম। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবকে ঘিরে তৈরি হবে ভক্তিময় পরিবেশ। আগামী ২৪শে জুলাই উল্টো রথের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্টজনেরা। ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আগরতলায় শুরু হতে চলেছে ইসকনের এই রথযাত্রা উৎসব। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।



