মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো ‘মহারানী তুলসীবতী কৃতি বিদ্যার্থী সংবর্ধনা’ অনুষ্ঠান। এদিন মোট ৫৪০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলার বরদোয়ালীস্থিত কৃষ্টি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য, জনসংযোগ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এবিভিপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি ড. লিপিকা রায়, প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক, প্রদেশ সম্পাদক রবি হালদার-সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করা ৫৪০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা জানানো হয়। অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সাফল্যকে যথাযথ সম্মান জানানো এবং আগামী দিনের জন্য অনুপ্রাণিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার পরামর্শও দেওয়া হয় কৃতি শিক্ষার্থীদের। এবিভিপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সংগঠনের মতে, কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করার মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরাও ভালো ফল করার অনুপ্রেরণা পাবে।



