বাসুদেব ভট্টাচার্য খোয়াই ১১ই জুলাই…..খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত পরিষেবা ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ সামনে উঠে এসেছে।জানাযায় দীর্ঘদিন ধরে হোস্টেলের ছাত্রছাত্রীরা নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবাসিক ছাত্রছাত্রীদের দাবি, হোস্টেলে নিয়মিত এবং পুষ্টিকর খাবার পরিবেশন করা হচ্ছে না। অভিযোগ অনুযায়ী, হোস্টেলে প্রদর্শিত খাদ্যতালিকা অর্থাৎ (মেনু) অনুসরণ করা হয় না এবং পরিবেশিত খাবারের মানও অত্যন্ত নিম্নস্তরের। হোস্টেল সুপার প্রফুল্ল দেববর্মার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের প্রতি যথাযথ নজরদারি না করার ও অভিযোগ উঠেছে। শুধু খাদ্য ব্যবস্থাপনাই নয়, হোস্টেলের পরিষ্কার,পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তুলেছেন আবাসিকরা। বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১৪০ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে, যার মধ্যে প্রায় ৩৬ জন বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এসে হোস্টেলে অবস্থান করছে। এদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকরা বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক বিক্রমজিৎ দেববর্মা জানান, অভিযোগগুলির বিষয়ে তিনি অবগত নন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হোস্টেলের জন্য প্রয়োজনীয় মুদি সামগ্রী সরবরাহের কাজে বিদ্যালয়ের এক শিক্ষক অনন্ত রায় জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগকারীদের দাবি, হোস্টেলে বসবাসরত জনজাতি ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্য পুষ্টিকর খাদ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।



