স্মার্ট সিটির উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তবে ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। একের পর এক রাস্তার বেহাল অবস্থার অভিযোগ উঠলেও, স্থানীয়দের দাবি শীতকাল না আসতেই শীত ঘুমে আচ্ছন্ন পৌর নিগমের কর্মকর্তারা। আর সেই অভিযোগের মাঝেই আগরতলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
আগরতলার আধুরানী ডাম্পিং স্টেশন এলাকায় অটো দুর্ঘটনায় মৃত্যু হলো এক অটোচালকের। মৃতের নাম অজিত পাল, বয়স প্রায় ৫০ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার বেহাল অবস্থার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অটোরিকশাটি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তার দুরবস্থার কথা প্রশাসনকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, রাস্তা দ্রুত সংস্কার করা হলে হয়তো এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একটি প্রাণহানির পরও প্রশ্ন থেকেই যাচ্ছে—রাস্তা সংস্কারে প্রশাসন কবে কার্যকর উদ্যোগ নেবে? সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। শীতঘুম কাটিয়ে কখন নজর দেবেন পৌরনিগমের কর্তা বাবুরা এখন সেদিকেই নজর সমগ্র রাজ্যবাসীর।



