সমাজসেবার আড়ালে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর টাউন হল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তৎপরতায় এক অভিযুক্ত আটক হলেও পালিয়ে গেছে আরও দুইজন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।”
রাজধানীর টাউন হল এলাকায় সমাজকর্মীর পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা এবং ছিনতাইয়ের অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তসহ তিন যুবক একটি গাড়িতে করে এলাকায় আসে। তারা পথচারী যুবকদের লক্ষ্য করে নিজেদের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দিত। এরপর নেশাগ্রস্ত বলে দাবি করে কয়েকজনকে জোরপূর্বক গাড়িতে তুলে পুনর্বাসন কেন্দ্রে নেওয়ার কথা বলে।তবে পরে জানা যায়, তারা কোনো এনজিও বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। অভিযোগ রয়েছে, নিজেদের তুলনায় দুর্বল ও অসহায় যুবকদের টার্গেট করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং নেশাজাতীয় সামগ্রী ছিনিয়ে নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবককে গাড়িতে তোলার চেষ্টা করার সময় তার স্বজনরা ঘটনাটি দেখে ফেলেন। এ সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের এলাকাবাসী ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক দুইজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।



