রাজ্যসহ বিভিন্ন অঞ্চলে বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। এবার রানীবাজারের দলুরা এলাকায় ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। তেলবাহী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক পঞ্চায়েত সদস্য।
জানা গেছে, রানীবাজারের দলুরা এলাকায় তেলবোঝাই একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চায়েত সদস্য সুদীপ দেবনাথকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে রাস্তা সংস্কার এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।



