কর্নেল চৌমুহনীতে আজ মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও জননেতা Birsa Munda-র ১২৭তম শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি, ত্রিপুরা রাজ্য শাখা।
শহীদ বীরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারা ভারত জান অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে পালন করা হয় ১২৭ তম তার শহীদ দিবস। উপস্থিত বক্তারা বীরসা মুন্ডার সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে পরিচালিত আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ভূমি, বন ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন এবং শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বীরসা মুন্ডার আত্মত্যাগ ও আদর্শ আজও দেশের প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক সমাজ এবং অধিকার আন্দোলনের কর্মীদের অনুপ্রাণিত করে চলেছে। তাঁর বলিদান দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে বীরসা মুন্ডার আদর্শকে ধারণ করে সামাজিক ন্যায়, অধিকার সুরক্ষা এবং গণমানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের সদস্য ও উপস্থিত বিশিষ্টজনেরা।



