১২৫ বছরের ঐতিহ্যবাহী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ১৩ জুন। নিজেদের জয় নিয়ে আশাবাদী ‘সংবিধান বাঁচাও মঞ্চ’। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের নেতারা দাবি করেন, আইনজীবীদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন।
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে এবার প্রথমবার সভাপতি পদে একজন মহিলা প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর প্যানেলে সভাপতি পদপ্রার্থী পৃথা দেব এবং সম্পাদক পদপ্রার্থী ভাস্কর দেববর্মা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হরিবল দেবনাথ, প্রশান্ত সেন চৌধুরীসহ অন্যান্য প্রার্থীরা
হরিবল দেবনাথ বলেন, অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন ও কংগ্রেসের লিগাল সেলের সমর্থিত ‘সংবিধান বাঁচাও মঞ্চ’ সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার লক্ষ্য নিয়ে নির্বাচনে লড়ছে। প্যানেলের ১৫ জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং মহিলা ও তফসিলি জাতি-জনজাতির প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। আইনজীবীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রশান্ত সেন চৌধুরী বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার রক্ষার লক্ষ্য নিয়ে আট বছর আগে ‘সংবিধান বাঁচাও মঞ্চ’ গঠিত হয়। আদালত মানুষের শেষ ভরসার জায়গা উল্লেখ করে তিনি জানান, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে এবং আইনজীবীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। নির্বাচনকে ঘিরে প্রচার জোরদার হয়েছে। এখন নজর ১৩ জুনের ভোটে, আইনজীবীরা কাদের হাতে তুলে দেন বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব।



