রাজ্য কংগ্রেসকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বড় সাংগঠনিক পরিবর্তনের পথে দল। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাজ্যে ফিরে এসে এমনই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি জানান, জেলা থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজানো হবে সর্বসম্মতিক্রমে।
রাজ্যে সংগঠনকে চাঙ্গা করতে নতুন রণকৌশল গ্রহণ করছে প্রদেশ কংগ্রেস। দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে আগরতলায় ফিরে এসে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলা ও শাখা সংগঠনের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই আগামী দিনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন স্তরে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে রাজ্যের নয়টি সাংগঠনিক জেলায় সংগঠন সৃজন অভিযান পরিচালিত হয়। ওই অভিযানের রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়ার পরই রাজ্য নেতৃত্বকে দিল্লিতে তলব করা হয়।
আশীষ কুমার সাহা জানান, পর্যবেক্ষকদের রিপোর্ট এবং তৃণমূল স্তরের মতামতের ভিত্তিতে জেলা, ব্লক ও বিভিন্ন শাখা সংগঠনকে সর্বসম্মতিক্রমে পুনর্গঠন করা হবে। লক্ষ্য একটাই—আগামী দিনে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক ভিত আরও মজবুত করা এবং জনসংযোগ বাড়ানো।
প্রদেশ কংগ্রেসের এই সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



