Tuesday, June 2, 2026
বাড়িখবররাজ্যরাজ্যজুড়ে তীব্র গরমে নাজেহাল জনজীবন, কারণ জানাল আবহাওয়া দপ্তর

রাজ্যজুড়ে তীব্র গরমে নাজেহাল জনজীবন, কারণ জানাল আবহাওয়া দপ্তর

রাজ্যজুড়ে কয়েকদিন ধরেই অব্যাহত রয়েছে অস্বাভাবিক গরম ও তাপদাহ পরিস্থিতি। প্রচণ্ড রোদ এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। গরম থেকে স্বস্তি পেতে কেউ জলাশয়ে স্নান করছেন, আবার কেউ রাস্তার ধারে বিক্রি হওয়া লেবুর শরবত ও ঠান্ডা পানীয়ের উপর নির্ভর করছেন। মঙ্গলবার রাজধানী আগরতলা সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাটেও লোকসমাগম তুলনামূলকভাবে কম দেখা যায়।

ত্রিপুরা জুড়ে বর্তমানে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং দুপুরের দিকে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠছে। প্রচণ্ড রোদ ও আর্দ্রতার কারণে বাইরে বের হওয়া মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

গরমের হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিচ্ছেন পুকুর, নদী ও বিভিন্ন জলাশয়ে। বিশেষ করে শিশু ও যুবকদের জলাশয়ে স্নান করতে দেখা যাচ্ছে। অন্যদিকে শহরের বিভিন্ন প্রান্তে ঠান্ডা পানীয়, লেবুর শরবত, ডাবের পানি ও অন্যান্য পানীয়ের চাহিদা বেড়েছে কয়েকগুণ।

আবহাওয়া দপ্তরের মতে, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত আর্দ্রতাযুক্ত বাতাস প্রবেশ করলেও বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়ায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। একইসঙ্গে আকাশে মেঘের পরিমাণ কম থাকায় সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে, যার ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা সাময়িক স্বস্তি দিতে পারে।

প্রচণ্ড গরমে বিশেষ প্রয়োজন ছাড়া দুপুরের সময় বাইরে না বের হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এখন রাজ্যবাসীর নজর আকাশের দিকে—এক পশলা বৃষ্টিই পারে এই অসহনীয় গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য