আগরতলা, রবিবার: ত্রিপুরা ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রবিবার ভগৎ সিং যুবক আবাসে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান রতন সাহা, সচিব ডঃ সুজিত রায় এবং ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অলক ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অমীয় দাস। এছাড়াও সহ-সভাপতি পদে মমতা গাশি, সাধারণ সম্পাদক হিসেবে হিমাদ্রি দেবরায়, যুগ্ম সম্পাদক শান্তনু দাস এবং কোষাধ্যক্ষ হিসেবে সাগর দেব দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি কমিটিতে আরও দুজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন পুনর্গঠনের পর রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংস্থাকে স্বচ্ছ ও সংগঠিতভাবে পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
নবনির্বাচিত সভাপতি অমীয় দাস জানান, রাজ্যজুড়ে ট্রায়াথলন খেলাটির প্রসার ঘটাতে বিভিন্ন মহকুমায় কার্যক্রম বাড়ানো হবে। পাশাপাশি আসন্ন জাতীয় প্রতিযোগিতার কথা মাথায় রেখে খেলোয়াড়দের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। তিনি আরও জানান, বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যাতে সবার সমন্বয়ে খেলাটির সার্বিক উন্নয়ন সম্ভব হয়।



