সিভিল ড্রেসে পুলিশের পরিচয় দিয়ে রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র থেকে এক নিরীহ টমটম চালকের টমটম নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতিকারীরা। ঘটনা বুধবার রাতে বটতলা এলাকায়। চন্দ্রপুর এলাকার বাসিন্দা পেশায় টমটম চালক শ্যামল দাস এদিন নিজের টমটম নিয়ে এডি নগরের উদ্দেশে যাবার পথে বটতলায় তার গাড়িটিকে থামায় এক ব্যক্তি। সিভিল ড্রেসে পুলিশের পরিচয় দিয়ে টমটম চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চাই এই ব্যক্তি। তখন টমটম চালক সত্যিকার অর্থে পুলিশ ভেবে কোন কাগজ দেখাতে পারেনি। এর পরই পুলিশ নামধারী দুষ্কৃতিকারীটি টমটম চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা বাড়ি থেকে নিয়ে এসে টমটম চালক প্রত্যক্ষ করেন বটতলায় রেখে যাওয়া টমটম নিয়ে উধাও দুষ্কৃতিকারীটি। পরে টমটম চালক শ্যামল দাস প্রতারণার শিকার হয়ে রাতেই ছুটে যান বটতলা ও এডি নগর থানায়। কিন্তু সেখানে গিয়েও তার টমটমের কোন হদিস পায়নি। শহরের বুক থেকে এভাবে পুলিশ পরিচয় দিয়ে টমটম নিয়ে দুষ্কৃতিকারীর উধাও হয়ে যাওয়ার ঘটনায়, স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এখন শহরের ছোট যানচালকদের মধ্যে। এদিকে অসহায় টমটম চালক বৃহস্পতিবার ফের আরো একবার দারস্ত হলেন পশ্চিম থানার। পুলিশের কাছে গোটা বিষয়টি লিখিত আকারে তুলে ধরে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র সম্বল টমটমটি খুঁজে বের করে দেওয়ার দাবি জানান শ্যামল দাস। এখন দেখার বিষয় নিরীহ এই টমটম চালকের টমটমটি উদ্ধার করতে কতটুকু সক্ষম হয় পুলিশ।



