প্রাণে মারার হুমকি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহাকে । এই অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহানির্দেশককে চিঠি দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি বুধবার অভিযোগ করেন কৈলাশহরে আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মাফিয়াচক্র গজিয়ে উঠেছে । পূর্ত দপ্তর, ডি ডব্লিউ এস সহ সমস্ত রকম সরকারি কাজে টেন্ডার প্রাপকদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়াই হচ্ছে এই মাফিয়াচক্রের মূল উদ্দেশ্য। বিধায়ক এদিন বলেন সম্প্রতি কুমারঘাট ডিডব্লিউএস থেকে মোটা অংকের একটি টেন্ডার বের হয়েছিল। আব্দুল মান্নানের মাফিয়াচক্র বিভিন্নভাবে হুমকি- ধমকি দিয়ে টেন্ডারটি ক্যানসেল করিয়েছিল। এ নিয়ে কৈলাশহরের কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করায় ওই মাফিয়া চক্র বেজায় ক্ষুব্ধ হয়ে পড়েছে বীরজিত সিনহার ওপর। গত কয়েকদিন ধরে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে আব্দুল মান্নানের মাফিয়া চক্রটি প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিধায়ক বীরজিৎ সিনহা। ইতিমধ্যেই শ্রী সিনহা, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহানির্দেশক, রাজ্য বিধানসভা, কৈলাশহর এসপি ও কৈলাশহর থানার ওসিকে চিঠি দিয়ে জানিয়েছেন। বুধবার আগরতলাস্থিত নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠকে সরাসরি এই অভিযোগ তুলেছে বীরজিৎ সিনহা। এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা মাফিয়া চক্রের কথোপকথন সংক্রান্ত একটি অডিও ক্লিপও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।



