আগরতলা পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডকে নতুনভাবে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর পৌরনিগমের বর্তমান বোর্ড। নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের একাংশ নাগরিক প্রতিনিয়তই নানান সমস্যায় জর্জরিত। তাই নাগরিকদের সমস্যা গুলির স্থায়ী সমাধানের জন্য প্রায় প্রতিদিনই পৌর নিগমের মেয়র দীপক মজুমদার একের পর এক ওয়ার্ড পরিদর্শন করছেন। বুধবার তিনি পরিদর্শন করলেন পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাত্রাবাড়ী, মরিয়ম নগর এলাকা। এই এলাকার নাগরিকদের দীর্ঘদিনের অন্যতম সমস্যা হল রাস্তা ও ড্রেইন। এদিন মেয়র সাহেব স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, কর্পোরেটর উত্তম ঘোষকে সাথে নিয়ে নাগরিকদের বিভিন্ন সমস্যার সরজমিনে খতিয়ে দেখেন। এলাকা পরিদর্শনকালে মেয়র কথা বলেন স্থানীয় নাগরিকদের সাথেও। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন,রাজ্যের বর্তমান সরকার ও পৌর নিগমের যৌথ উদ্যোগ রাজ্যের সার্বিক উন্নয়নের কাজ সঠিকভাবে চলছে। কিন্তু অনেক দিনের সমস্যা সেগুলো সমাধান হবে, তার জন্য সময় লাগবে। পৌর নিগম জনগণের কথা চিন্তা করে অতিসত্বর সমস্যা গুলি সমাধান করবে বলেও এদিন আশ্বাস দেন স্থানীয় নাগরিকদের।



