রাজ্যের সরকারি ডিগ্রী কলেজ গুলিতে চলছে এখন নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া। এখনো বহু ছাত্র-ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি। এবছর কলেজগুলিতে আসন সংখ্যার তুলনায় উচ্চমাধ্যমিকে উত্তীর্ণের সংখ্যা অনেকটা বৃদ্ধি পাওয়ায়, ভর্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এতে করে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত ভর্তি হতে না পারা একাংশ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরা উদ্বিগ্ন। অনেকেই আবার নিজের পছন্দের কলেজে ভর্তি হবার সুযোগ না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। তবে এর চেয়েও বেশি হতাশাগ্রস্ত এখন, যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। আদৌ তারা ভর্তি হতে পারবেন কিনা তা নিয়েও একাংশ ছাত্র-ছাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তাই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের সরকারি ডিগ্রি কলেজগুলিতে ভর্তি নিশ্চিত করার দাবিতে এবার ময়দানে নামল শাসকদলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের প্রদেশ কমিটির উদ্যোগে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে এবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হল। বুধবার সংগঠনের রাজ্য সম্পাদক সনজিত সাহার নেতৃত্বে এক প্রতিনিধিদল দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে অতিরিক্ত অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে দেন। প্রতিনিধি দলের সদস্যরা দাবি জানান রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রী কলেজে প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ভর্তি হবার সুযোগ পায় তার নিশ্চয়তার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার।



