রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে আবারো ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ। অভিযুগের তীর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে। এনিয়ে উত্তপ্ত হয়ে উঠে গোটা হাসপাতাল চত্বর। জানা যায় শুক্রবার সকালে ধলেশ্বর এলাকার বাসিন্দা সুজিত ঘোষ নামে এক ব্যক্তি নিজ বাড়িতেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন সুজিত ঘোষকে জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে কর্মরত একজন চিকিৎসক সুজিত ঘোষকে পরীক্ষা নিরীক্ষার পর একটি ইঞ্জেকশন দেন। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুজিত বাবু। বিষয়টি মানতে পারেননি মৃত ব্যক্তির পরিবারের লোকজন। পরিবারের লোকজন চিকিৎসকের কাছে জানতে চান কি ইনজেকশন দিয়েছেন তারা, যার ফলে কিছুক্ষনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুজিত ঘোষ। এতেই উত্তেজিত হয়ে পড়ে ইমারজেন্সি বিভাগে থাকা চিকিৎসক। শুরু হয় দুই পক্ষের মধ্যে তীব্র বাক বিতন্ডা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে দীর্ঘ প্রচেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ করেন, কি ইনজেকশন দেওয়া হয়েছে চিকিৎসকের কাছে শুধু তারা তা জানতে চেয়েছিল। ভুল ইনজেকশন দেওয়ার ফলেই সুজিত বাবুর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করতেই উত্তেজিত হয়ে পড়ে চিকিৎসক। শুধু তাই নয় পরিষ্কারভাবে জানিয়ে দেয় মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের হাতে দেওয়া হবে না। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের লোকজন আরো অভিযোগ করে বিনা কারণে তারা ময়না তদন্তের জন্য চাপ সৃষ্টি করে চিকিৎসক। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে চিকিৎসকের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়। কিন্তু এটা কোনভাবেই মেনে নেয়নি মৃত ব্যক্তির পরিবারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



