আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার একাংশ নাগরিক প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন সমস্যার সম্মুখীন। নাগরিকদের সমস্যা গুলি সমাধানের জন্য প্রতিনিয়ত তৎপর হতে দেখা যায় মেয়র দীপক মজুমদারকে। তাই প্রতিদিনই কোন না কোন ওয়ার্ড এলাকা পরিদর্শনে গিয়ে সরজমিনে সমস্যা গুলি খতিয়ে দেখছেন তিনি। শুক্রবার তিনি নতুন করে পরিদর্শন করলেন বনমালীপুর এলাকার পুর নিগমের ২২ নং ওয়ার্ডের অন্তর্গত লালবাহাদুর চৌমুনী এলাকায়। এই এলাকার নাগরিকরা বেশ অনেকদিন যাবত নানা সমস্যার মধ্যে সম্মুখীন। এর মধ্যে অন্যতম হলো জল নিষ্কাশনের ব্যবস্থা। সামান্য এক দুই পশলা বৃষ্টি হলেই এলাকায় জল জমে যাওয়ার অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার মেয়র পরিদর্শন করলেন এলাকাটি। স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মা, কর্পোরেটর রত্না দত্ত, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় জনগণকে সাথে নিয়ে এদের বিভিন্ন সমস্যা গুলি সরোজমিনে খতিয়ে দেখেন মেয়র। পরে স্থানীয়দের সাথে কথা বলে দ্রুততার সাথে সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন তিনি।



