তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মকাণ্ডের প্রতি তিতিবিরক্ত হয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তরের নালিশ জানালো বিদ্যুৎ গ্রাহক। ঘটনা, বৃহস্পতিবার। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া নেতাজিনগর এলাকায় বুধবার দুপুর নাগাদ একটি হাই ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহী তার বিপজ্জনক ভাবে ছিড়ে পড়ে। যাতে করে যে কোনো সময় ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা। এই ঘটনাটি চাক্ষুষ করতে পেরে এলাকার সচেতন নাগরিক তথা বিদ্যুৎ গ্রাহক বিপ্রদীপ সাহা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরকে বার কয়েক ফোন যোগে এই বিষয়টি অবগত করে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের তেলিয়ামুড়া সাব ডিভিশন ১ এর সিনিয়র ম্যানেজার বিমলেন্দু বিকাশ দাস’কেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। কিন্তু বাম মার্গীয় কর্মসংস্কৃতি থেকে যে এখনো পর্যন্ত বিমলেন্দু বিকাশ বাবু বেরিয়ে আসতে পারেনি, তারই এক জলজ্যান্ত উদাহরণ আজকের এই ঘটনা। বুধবার একাধিকবার বিষয়টি অবগত করার পরেও যখন দপ্তরের কোন হেলদোল ছিল না, তখন পুনরায় বৃহস্পতিবার সকালেও একাধিকবার বিদ্যুৎ দপ্তরের তেলিয়ামুড়া সাব ডিভিশন ১ -এ বিষয়টি অবগত করা হয়। কিন্তু খোদ তেলিয়ামুড়া সাব ডিভিশন ১ -এর বড়কর্তা বিষয়টি অবগত হওয়ার সত্বেও কর্ণপাত না করায় শেষমেষ বিদ্যুৎ দপ্তরের প্রতি একপ্রকার তিতিবিরক্ত হয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে নালিশ জানায় এক সচেতন বিদ্যুৎ ভোক্তা। মুখ্যমন্ত্রীর দপ্তরে নালিশের বিষয়টি আঁচ করতে পেরে তেলিয়ামুড়া সাব ডিভিশন ১ -এর বিদ্যুৎ কর্মীরা লেজ তুলে ঘটনাস্থলে গিয়ে চট জলদি হাইভোল্টেজ বিদ্যুৎ পরিবাহি তারটির মেরামতের কাজে হাত দেয়। এদিকে বলে রাখা প্রয়োজন,, বিদ্যুৎ দপ্তরের তেলিয়ামুড়া সাব ডিভিশন ১ -এর বড়কর্তা বিমলেন্দু বিকাশ বাবুর বিরুদ্ধে অফিসে কান পাতলেই অভিযোগের পাহাড়। তা হোক, সময় মত অফিসে না আসা, কিংবা ঠিকঠাক মতো নিজের কর্তব্য পালন না করা। তাছাড়া অভিযোগ রয়েছে গ্রাহকদের চরম পর্যায়ে হয়রানি সহ বিস্তর অভিযোগের পাহাড়। এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের ওই আধিকারিকের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।।



