দীর্ঘদিন ধরেই অসমর্থিত সূত্রে খবর ভেসে আসছিল তেলিয়ামুড়া শহর জুড়ে খাদ্য দপ্তর তথা মহকুমা প্রশাসনের গাফিলতির জেরে একাংশ খাদ্যদ্রব্য সহ মিষ্টি জাত সামগ্রীর ব্যাবসায়ীরা অনিয়মের উপর অনিয়ম করে চলেছেন। বিশেষ করে বিভিন্ন প্রকারের রেস্তোরাঁ সহ ফাস্টফুডের দোকান গুলো নিয়ে নানা জন নানা প্রকারের মত প্রকাশ করে চলছিলেন। অবশেষে সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিনে হঠাৎ করে মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া বাজারে অভিযান চালায়, অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন মিষ্টি দোকান, রেস্তোরা সহ নানান প্রকারের খাদ্যদ্রব্যের দোকান গুলোর মধ্যে অভিযান সংঘটিত হয়। এই অভিযান চলাকালীন সময়ে তেলিয়ামুড়ার সুপরিচিত মিষ্টির দোকান বাবা তারক নাথ মিষ্টান্ন ভান্ডার, রাধিকা সুইটস্ হোম ইত্যাদি দোকানে ব্যাপক অনিয়মের হদিস পায় খাদ্য দপ্তরের আধিকারিক গণ। এছাড়া বেশ কিছু দোকান প্রশাসনের নির্দেশকে অমান্য করে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যাবহার করে চলছিলেন, এগুলাকেও সোমবার উদ্ধার করা হয়।
এদিকে প্রতিনিধি দলের তরফ থেকে দাবী করা হয় মহকুমা প্রশাসনের তরফ থেকে জনস্বার্থে এই রকমের অভিযান আগামী দিনেও জারি থাকবে। পাশাপাশি যে সমস্ত দোকান গুলোর মধ্যে আজকে অনিয়মের হদিশ পাওয়া গেছে তাদেরকে মহকুমা প্রশাসনের তরফ থেকে নোটিশ প্রদান করা হবে বলে প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয়। আজকের এই অভিযানে প্রতিনিধি দলে ছিলেন ডি.সি.এম অঞ্জন কুমার দাস ,খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী প্রমুখরা।
এদিকে একাংশ থেকে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে মহকুমা প্রশাসনের তরফ থেকে লোক দেখানো অভিযান সংঘটিত করা হয় ,কিন্তু পরবর্তী সময়ে যে সমস্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে অনিয়মের হদিশ পাওয়া যায় সে-গুলোর বিরুদ্ধে আদতে প্রশাসনের তরফ থেকে কেন ব্যাবস্থা গ্রহণ করা হয় না?



