আগরতলা, ২ সেপ্টেম্বর: এডিসি এলাকার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে খোয়াই জেলায় সাংগঠনিক তৎপরতা বাড়াল বিজেপি। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি দলের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্যে খোয়াই জেলার নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। দলীয় নির্দেশ অনুযায়ী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার তিন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্যসচেতক কল্যাণী রায় সাহা এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী। পাশাপাশি বৈঠকে ছিলেন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস এবং জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতিরাও। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গ্রাম ও তৃণমূল স্তরে দলের সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি কর্মী-সমর্থকদের সঙ্গে নেতৃত্বের যোগাযোগ আরও নিবিড় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
নির্বাচনের আগে বিভিন্ন মণ্ডল এলাকায় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করেন নেতৃত্বরা। কোথায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন এবং আগামী দিনে নির্বাচনী প্রস্তুতি কীভাবে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে মতবিনিময় হয়। একইসঙ্গে দলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে। নির্বাচনী ময়দানে সংগঠনের প্রতিটি স্তরকে সক্রিয় রেখে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই জেলার সাংগঠনিক প্রস্তুতিকে আরও গতিশীল করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে কর্মী-সমর্থকদের আরও সক্রিয় করার পাশাপাশি নেতৃত্বের সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এডিসি এলাকার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির সাংগঠনিক তৎপরতাও বাড়ছে। তারই ধারাবাহিকতায় খোয়াইয়ে বিজেপির এই বৈঠককে নির্বাচনের আগে সংগঠনকে আরও প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।



