আগরতলা চিলড্রেন্স পার্কে আয়োজিত এবারের চৈত্র মেলায় চরম হতাশার মুখে পড়েছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর ব্যবসা একেবারেই কম—এমনটাই জানিয়েছেন মেলায় অংশগ্রহণকারী বহু ব্যবসায়ী।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছর তারা শকুন্তলা রোড এলাকায় দোকান বসিয়ে ভালো ব্যবসা করতেন। কিন্তু এবছর স্থান পরিবর্তন করে চিলড্রেন্স পার্কে মেলা বসানোয় ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। ফলে বিক্রি প্রায় না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
অনেক ব্যবসায়ী জানিয়েছেন, এই মেলাকে কেন্দ্র করেই তারা আগাম প্রস্তুতি নিয়েছিলেন। কেউ কেউ ‘বন্ধন’-এর মতো সংস্থা থেকে ঋণ নিয়ে বিভিন্ন পণ্য কিনে এনেছেন বিক্রির আশায়। কিন্তু প্রত্যাশিত ক্রেতা না আসায় এখন ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
এক ব্যবসায়ী বলেন, “প্রতিবছর এই সময়টাতেই আমরা কিছুটা লাভের মুখ দেখি। কিন্তু এবছর বিক্রি একেবারেই নেই। ঋণ করে মাল তুলেছি, এখন কীভাবে তা শোধ করব বুঝতে পারছি না।”
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ীরা তাদের এই দুরবস্থার কথা তুলে ধরে প্রশাসনের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, মেলার স্থান নির্ধারণে সঠিক পরিকল্পনা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কোনও ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে অনেকেই এই ধরনের মেলায় অংশ নিতে আগ্রহ হারাবেন।



