শনিবার থেকে আগরতলা টাউন হলে দুদিন ব্যাপী শুরু হলো ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১০ম রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে এদিন অনুষ্ঠিত হয় এক বৃহৎ প্রকাশ্য সমাবেশ, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য ও সমর্থকরা উপস্থিত হন।
প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় নেতা ডক্টর বিক্রম সিং। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব রতন ভৌমিক এবং সুধন দাস। বক্তারা তাদের বক্তব্যে তপশিলী জাতির সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তপশিলী জাতির অধিকার রক্ষা এবং সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কর্মী-সমর্থকদের উপস্থিতিতে টাউন হল চত্বর মুখর হয়ে ওঠে। আগামী দুই দিন ধরে বিভিন্ন সাংগঠনিক আলোচনা, ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ এবং প্রতিনিধি সভার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।



