পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে সম্প্রতি জিলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় পূর্ত দপ্তরের প্রতিনিধি জানান, চলতি বছরে জিরানীয়া পূর্ত বিভাগের অধীনে ২৩.৩ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। মোহনপুর মহকুমায় বর্তমানে বিভিন্ন প্রকল্পে ৮টি রাস্তার সংস্কারের কাজ চলছে। এছাড়া এখন পর্যন্ত মহকুমার ৫৭ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। পূর্ত দপ্তরের বিশালগড় অফিসের প্রতিনিধি সভায় জানান, এই পূর্ত ডিভিশনের অন্তর্গত ডুকলি ব্লকের ৫.০২৫ কিলোমিটার রাস্তার সংস্কার করা হবে। এছাড়া এই ব্লকের বেলাবর গ্রাম পঞ্চায়েতে ১টি আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। পূর্ত আধিকারিক জানান, খুব শীঘ্রই এই কাজ শুরু করা হবে। বিদ্যুৎ নিগমের প্রতিনিধি সভায় জানান, চলতি বছরে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনায় পশ্চিম জেলার ১১১৪টি পরিবারে সোলার সিস্টেম বসানো হয়েছে। গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধিও সভায় জেলার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন কাজ নিয়ে আলোচনা করেন।



