রাজ্য নির্বাচন দপ্তরের নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার আগরতলা পুরনিগম-সহ রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। বিরোধী দলগুলির পক্ষ থেকে একাধিক অভিযোগ সামনে এলেও, এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সামগ্রিকভাবে নির্বিঘ্নেই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এই নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিন আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। ভোটদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, উৎসবের আবহেই সাধারণ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের তরফে ওঠা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভোট নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিরোধীরা প্রতিবারই নির্বাচনের সময় নানা অভিযোগ তুলে থাকেন। তাঁদের অভিযোগ থাকতেই পারে, তবে সেগুলি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ভোটাধিকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকেরই ভোটদানে অংশগ্রহণ করা উচিত। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের উপরও গুরুত্বারোপ করেন তিনি। এদিকে, রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এখন অপেক্ষা ভোটের ফলাফলের। আগামী ২ ডিসেম্বর ভোটগণনার মাধ্যমে স্পষ্ট হবে ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচনে কোন দল বা প্রার্থীরা জনসমর্থন পেয়েছেন।



