আগরতলা: আগামী ২৭ নভেম্বর রাজ্যের ১৬টি নগর সংস্থার নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী নিরাপত্তার জন্য অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই বাহিনী ত্রিপুরায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী। ইতিমধ্যে রাজ্যে মোতায়েন থাকা ১৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীসহ নির্বাচনী নিরাপত্তার কাজে মোট ৩৯ কোম্পানি বাহিনী ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার জানান, আগরতলা পৌর নিগমের ৪৪০টি পোলিং স্টেশন-সহ রাজ্যের ১৬টি নগর সংস্থার প্রতিটি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কোথায় কত বাহিনী থাকবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকালের মধ্যে রাজ্য পুলিশের ডিজিপি, আইজি (আইনশৃঙ্খলা) এবং নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা হবে। ওই বৈঠকেই বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় পর্যালোচনা বৈঠক করেছে কমিশন। সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসডিপিও এবং সেক্টর অফিসারদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী দায়িত্ব ও প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি জেলাগুলিতেও একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান কমিশনার।
এদিকে, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে ২১ ও ২২ নভেম্বর বিশেষ ফ্যাসিলিটেশন সেন্টারের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, গ্রুপ ডি কর্মী এবং পুলিশকর্মীরা প্রতিটি মহকুমায় রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে এই সুযোগ পাচ্ছেন। ভোটার তালিকা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনার জানান, অ্যাবসেন্টি, শিফটেড এবং মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকায় যথাযথ মার্কিং করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীদের ভোটদানের বিষয়টিও পৃথকভাবে চিহ্নিত করা হবে। ৮৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণের ব্যবস্থা না থাকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পি কে চক্রবর্তী জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে এই ধরনের সুবিধা থাকলেও রাজ্য নির্বাচন কমিশনের অধীনে ত্রিপুরা কন্ডাক্ট অব ইলেকশন রুলসে বর্তমানে বাড়িতে গিয়ে ভোটগ্রহণের কোনও আইনি সংস্থান নেই। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা হয়েছিল। কিন্তু বৈঠকে প্রস্তাবটি গৃহীত না হওয়ায় এবারের নির্বাচনে এই ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে সংশ্লিষ্ট নির্বাচনী বিধিতে সংশোধন আনা হলে কমিশন নিজস্ব উদ্যোগেই এই সুবিধা কার্যকর করতে পারবে বলে জানান তিনি।নির্বাচনে ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্ট ও কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিয়েও আশ্বাস দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। তাঁর বক্তব্য, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে পোলিং ও কাউন্টিং এজেন্টদের প্রয়োজন অনুযায়ী পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়েও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনারের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে কাজ চলছে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে প্রশাসনিক সমন্বয় ও ভোটারদের নিরাপত্তা—সব দিক বিবেচনায় রেখেই শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে এগোচ্ছে কমিশন।



