দক্ষিণ ত্রিপুরার সাবরুমের নলুয়া এলাকায় দীপাবলির রাতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় সুবল ত্রিপুরা ও দশরথ ত্রিপুরা নামে জনজাতি মোর্চার দুই কার্যকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে দাবি নির্যাতিতার পরিবারের তরফে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার সরব হয়েছে ‘আমরা বাঙালি’ সংগঠন।অভিযোগ অনুযায়ী, দীপাবলির রাতে নলুয়া এলাকায় ওই বাঙালি মহিলা গণধর্ষণের শিকার হন। ঘটনার পরই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হন সংশ্লিষ্টরা। কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়তে থাকে।অভিযোগ, পুলিশের ভূমিকা এবং ঘটনার পরবর্তী পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই মহিলা নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয় ‘আমরা বাঙালি’। সংগঠনের একটি প্রতিনিধি দল জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মহিলার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেয়।
পরে সংগঠনের আরেকটি প্রতিনিধি দল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্ত সুবল ত্রিপুরা ও দশরথ ত্রিপুরাকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি জমা দেয়।সংগঠনের প্রতিনিধিদের অভিযোগ, একজন বাঙালি মহিলা গণধর্ষণের শিকার হওয়ার পরও বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নীরবতা পালন করছে। তাঁদের বক্তব্য, একই ধরনের ঘটনা যদি কোনও বাঙালি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের পরিবর্তে কোনও জনজাতি মহিলার ক্ষেত্রে ঘটত, তাহলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এতদিনে অন্য রূপ নিত। এই দ্বিচারিতার অভিযোগ তুলে সংগঠনটি বিরোধী রাজনৈতিক দলগুলিকেও বিষয়টি নিয়ে সরব হওয়ার আহ্বান জানিয়েছে।নির্যাতিতার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ‘আমরা বাঙালি’। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।



