আগরতলা: আগরতলা পৌর নিগম-সহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। একদিকে বিভিন্ন দলের প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে, অন্যদিকে প্রচারে বাধা দেওয়া এবং নির্বাচনী প্রচারসামগ্রী নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। এবার এমনই অভিযোগ উঠল আগরতলা পৌর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে। আগরতলার নেতাজি চৌমুহনী সংলগ্ন কানাইলাল সাহার গলিতে কংগ্রেস মনোনীত প্রার্থী ডঃ পার্থপ্রতিম দত্ত ওরফে গুড্ডুর সমর্থনে লাগানো নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, বুধবার রাতে দুষ্কৃতীরা এলাকার বিভিন্ন স্থানে লাগানো প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত করে দেয়।বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস প্রার্থী-সহ দলের কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি এবং বিরোধী দলের প্রচারসজ্জা নষ্ট করার মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা।
কংগ্রেস প্রার্থী ডঃ পার্থপ্রতিম দত্ত জানান, বিষয়টি তাঁরা নির্বাচন কমিশনের নজরে আনবেন। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করছে বলেও দাবি করেন তিনি। নির্বাচনের আগে প্রচারসামগ্রী নষ্টের এই অভিযোগকে ঘিরে ৩২ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



