আগরতলা: দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার আগরতলায় বিশেষ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ১৪ নভেম্বর তাঁর ১৩৭তম জন্মবার্ষিকীতে দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব তথা আধুনিক ভারতের নির্মাতাদের অন্যতম পণ্ডিত নেহেরুকে। শিশুদের প্রতি তাঁর অকৃত্রিম স্নেহের জন্যই দেশজুড়ে এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। একই সঙ্গে দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকাও যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয়। এরপর পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। দলীয় কার্যালয়ের কর্মসূচি শেষ করে প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ গান্ধী-ঘাটে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, শিশুদের প্রতি পণ্ডিত নেহেরুর ছিল গভীর ভালোবাসা। সেই কারণেই তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। তিনি ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা। নেহেরুর অবদান তুলে ধরে আশীষ কুমার সাহা আরও বলেন, স্বাধীনতার পর দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছিলেন। বর্তমান ভারতবর্ষে উন্নয়নের যে ভিত্তি নিয়ে আলোচনা করা হয়, তার পেছনেও পণ্ডিত নেহেরুর অবদান রয়েছে। কিন্তু বর্তমানে তাঁর সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও কর্মসূচিকে থমকে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, ১৮৮৯ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেশের অগ্রগতির ক্ষেত্রে তাঁর ভূমিকা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। শিশুদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের কারণে তিনি ‘চাচা নেহেরু’ নামে পরিচিতি পান। জন্মবার্ষিকীতে প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন, দেশ গঠনে অবদান এবং শিশুদের প্রতি ভালোবাসাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।



