শহরের রাস্তায় বেপরোয়া ও অসতর্ক যান চলাচল নিয়ে উদ্বেগের মধ্যেই ফের দুর্ঘটনার ঘটনা ঘটল আগরতলা শহরতলির এডি নগর ড্রপ গেট এলাকায়। চাল বোঝাই একটি এফসিআই গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো একটি মারুতি অল্টো। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, চাল বোঝাই এফসিআই গাড়িটি অতিরিক্ত বোঝাই অবস্থায় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অল্টো গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের ও অন্যান্য অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পরই এডি নগর ড্রপ গেট সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। রাস্তার ওপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থাকায় তৈরি হয় তীব্র যানজট। কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। যানজটের কারণে ওই পথে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের সমস্যার মুখে পড়তে হয়।
রাজ্যের বিভিন্ন এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে আসায় ফের প্রশ্ন উঠছে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদে গাড়ি চালানোর বিষয়টি নিয়ে। বিশেষ করে অতিরিক্ত বোঝাই যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এডি নগর ড্রপ গেটের এই দুর্ঘটনায় বড়সড় প্রাণহানির ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন সংশ্লিষ্টরা। তবে শহরের ব্যস্ত রাস্তায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়টি আবারও সামনে এসেছে।



