ঘরে লক্ষ্মীপুজোর আয়োজন না করে অন্য মহিলার সঙ্গে সময় কাটানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সেই ঘটনা হাতেনাতে ধরে ফেলতেই গৃহবধূর উপর হামলার অভিযোগ উঠল স্বামী ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে। আহত অবস্থায় ওই গৃহবধূকে তাঁর ছোট্ট সন্তান-সহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লক্ষ্মীপুজোর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় আগরতলার দশমীঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় সাইকেল মেকানিক বলাই সরকার গত কয়েক মাস ধরে স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ। লক্ষ্মীপুজোর দিন বাড়িতে পুজোর আয়োজন না করে তিনি ওই মহিলার সঙ্গে একটি ঘরে সময় কাটাচ্ছিলেন বলে দাবি। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন তাঁর স্ত্রী। সেখানে স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখতে পেয়ে প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, এরপরই বলাই সরকার ও তাঁর সঙ্গে থাকা মহিলা ওই গৃহবধূকে মারধর করেন এবং তাঁকে রাস্তায় ফেলে রাখেন। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে আহত গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। লক্ষ্মীপুজোর মতো উৎসবের রাতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।



