Wednesday, October 14, 2026
বাড়িখবররাজ্যচার বছরেও ফায়ারম্যান নিয়োগের ফল প্রকাশ নয়, পুজোর আগে ফের ডেপুটেশন বেকারদের

চার বছরেও ফায়ারম্যান নিয়োগের ফল প্রকাশ নয়, পুজোর আগে ফের ডেপুটেশন বেকারদের

পুজোর উৎসবমুখর পরিবেশের মধ্যেও সরকারি চাকরির দাবিতে আন্দোলন অব্যাহত রাজ্যের বেকার যুবক-যুবতীদের। ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বুধবার ফের ফায়ার সার্ভিস দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি করে অবিলম্বে ফলাফল প্রকাশ করতে হবে। অন্যথায় পুজোর পর আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সংশ্লিষ্ট দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু চাকরিপ্রার্থী আবেদন জমা দেন। পরবর্তী সময়ে তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং লিখিত পরীক্ষাও নেওয়া হয়। কিন্তু অভিযোগ, ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ফায়ারম্যান পদের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

চাকরিপ্রার্থীদের বক্তব্য, বিজ্ঞপ্তি প্রকাশের পর ইতিমধ্যে প্রায় চার বছর অতিক্রান্ত হতে চলেছে। এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ফলাফল প্রকাশ না হওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। একদিকে সরকারি চাকরির আশায় অপেক্ষা, অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত না পাওয়ায় তাঁদের মধ্যে হতাশা বাড়ছে। এই পরিস্থিতিতে পুজোর প্রাকমুহূর্তে ফের আন্দোলনের পথে হাঁটলেন ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকার যুবক-যুবতীরা। বুধবার ফায়ার সার্ভিস দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে দ্রুত ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তাঁরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের আবেদন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে দীর্ঘদিন ধরে অপেক্ষারত প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা থেকে মুক্তি পান। চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে তাঁদের দাবি পূরণ না হলে পুজোর পর আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। এখন দেখার, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফায়ারম্যান নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর কবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য