Sunday, October 4, 2026
বাড়িখবররাজ্যস্থায়ী ঠিকানা পেল ৪৩ নম্বর ওয়ার্ড অফিস, মুখ্যমন্ত্রীর হাত ধরে নবনির্মিত ভবনের...

স্থায়ী ঠিকানা পেল ৪৩ নম্বর ওয়ার্ড অফিস, মুখ্যমন্ত্রীর হাত ধরে নবনির্মিত ভবনের উদ্বোধন

আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডকে নিজস্ব স্থায়ী অফিস ভবন দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে চলছে নতুন ভবন নির্মাণের কাজ। ইতিমধ্যেই নিগমের একাধিক ওয়ার্ডে তৈরি হয়েছে স্থায়ী অফিস। এবার সেই তালিকায় যুক্ত হল আগরতলা পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ড। রবিবার শহরতলির প্রতাপগড় বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৪৩ নম্বর ওয়ার্ডের নবনির্মিত অফিস ভবন। আগরতলা পৌর নিগমের দক্ষিণ জোনের অন্তর্গত এই ওয়ার্ডের নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিক ও সংশ্লিষ্টরা। নতুন ওয়ার্ড অফিস ভবন চালু হওয়ায় এলাকার নাগরিকদের বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক পরিষেবা আরও সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এতদিন ওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য যে ধরনের অসুবিধার মুখোমুখি হতে হতো, স্থায়ী অফিস ভবন চালু হওয়ার পর তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। একইসঙ্গে পূর্ববর্তী সরকারের কার্যকলাপ নিয়েও সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান তৈরি করে কাজ করছে বর্তমান সরকার। তাঁর দাবি, আগের সরকারের সময় মূল লক্ষ্য ছিল কীভাবে নির্বাচনে জয়লাভ করা যায়, কিন্তু বর্তমান সরকার উন্নয়নকে সামনে রেখেই কাজ করছে। রাজ্যের নগরায়ন ও ভবিষ্যৎ পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে স্যাটেলাইট টাউনশিপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর জন্য ইতিমধ্যেই জায়গা নির্ধারণ করা হয়েছে। তাঁর বক্তব্য, উন্নয়ন ছাড়া বর্তমান সরকার অন্য কোনও বিষয়কে অগ্রাধিকার দিতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের নীতির প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার ‘সময় কম, কাজ বেশি’-এর বার্তা দিয়ে আসছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের কীভাবে আরও বেশি সাহায্য করা যায়, সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে বলে দাবি করেন তিনি। এদিনের বক্তব্যে পূর্ববর্তী সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারকে তিনি ‘মিডল ম্যানের সরকার’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, সেটি প্রকৃত অর্থে মানুষের সরকার ছিল না। তবে বর্তমানে কাজের মাধ্যমেই মানুষ বুঝতে পারছেন যে এই সরকারের উপর আস্থা রাখা যায়।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, একটা সময় সংসদে বিজেপির মাত্র দুজন সাংসদ ছিলেন। বর্তমানে সেই সংখ্যা কত, তা সবারই জানা। তাঁর বক্তব্য, এই পরিবর্তন হঠাৎ করে আসেনি। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই দেশের অধিকাংশ রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে বলে দাবি করেন তিনি। এদিনের অনুষ্ঠানে নতুন ওয়ার্ড অফিস ভবনকে কেন্দ্র করে এলাকার নাগরিকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। স্থানীয় স্তরে নাগরিক পরিষেবা আরও সহজলভ্য করার পাশাপাশি ওয়ার্ডের প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এই স্থায়ী ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। ৪৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডকে নিজস্ব স্থায়ী পরিকাঠামোর আওতায় নিয়ে আসার প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য