পরিবারের অশান্তির জেরে মায়ের সঙ্গে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল মাত্র তিন বছরের শিশু। কিন্তু শুক্রবার রাতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল সেই শিশুর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলা শহরতলির গান্ধীগ্রাম সাহাপাড়া এলাকায়। একইসঙ্গে মৃত শিশুটির মাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় দেড় মাস আগে স্বামীর ঘর ছেড়ে নিজের তিন বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে চলে যান সুবীর নট্টের স্ত্রী। এরপর স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেন সুবীর। তবে সেই চেষ্টা সফল হয়নি বলে জানা গেছে। এরই মধ্যে সুবীরের স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। শুক্রবার রাতে ঘটনাটি নতুন মোড় নেয়। অভিযোগ, সুবীরের বাড়ির পাশেই তিন বছরের শিশু সন্ধিপা নট্টকে একটি ইকো গাড়ি ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হল, যে গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে, সেই গাড়িতেই ছিলেন শিশুটির জন্মদাত্রী মা। অভিযোগ, গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওই গাড়িতেই অন্য এক যুবকের সঙ্গে সেখান থেকে চলে যান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। পরে শিশুটির মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই গোটা এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, গাড়িতে কারা ছিলেন এবং শিশুটির মৃত্যুর সঙ্গে মায়ের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের সত্যতা কতটা—তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাকে ঘিরে পুলিশি তদন্তের দিকেও তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।



