রাজ্য নির্বাচন দপ্তরের ঘোষণা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর এডিসি এলাকার ভিলেজ কাউন্সিলগুলির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যেই শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া। এখন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারপর্ব জোরদার হয়েছে। এবারের ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআই(এমএল)। নির্বাচনকে সামনে রেখে শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দলের প্রার্থীদের সমর্থনে ভোটারদের কাছে আবেদন জানায় সিপিআই(এমএল)-এর রাজ্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখান থেকেই বিজেপির ‘বিভাজন ও প্রতারণার রাজনীতি’ পরাস্ত করার পাশাপাশি তিপ্রা মথার ‘সুবিধাবাদী আপসের রাজনীতি’ প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়।
দলের বক্তব্য, ভিলেজ কাউন্সিল নির্বাচনকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে না দেখে সাধারণ মানুষের জমি, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলিকে সামনে রাখা প্রয়োজন। পাশাপাশি স্বশাসন, ভাষা ও সংস্কৃতির অধিকার এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতেও আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে দাবি করে সিপিআই(এমএল)। এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অধিকারকে গুরুত্ব দিয়ে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থী প্রার্থীদের সমর্থন করা প্রয়োজন। জমি ও জীবিকার সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্বশাসন ও ভাষা-সংস্কৃতির অধিকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি। সিপিআই(এমএল)-এর রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে পাঁচ বাম দলের প্রার্থীদের জয়ী করার জন্যও ভোটারদের কাছে আবেদন জানানো হয়। দলের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন অধিকার ও দাবিকে সামনে রেখে যে আন্দোলন চলছে, নির্বাচনের মাধ্যমে সেই আন্দোলনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। সেই লক্ষ্যেই বামপন্থী প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে সাংবাদিক সম্মেলন থেকে। আগামী ২৮ সেপ্টেম্বরের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। ফলে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই এডিসি এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।



