Friday, September 18, 2026
বাড়িখবররাজ্যবিশ্বকর্মা পূজায় রোড সেফটির বার্তা , পরিবহন দপ্তরের পুজো মণ্ডপে সচেতনতামূলক থিম...

বিশ্বকর্মা পূজায় রোড সেফটির বার্তা , পরিবহন দপ্তরের পুজো মণ্ডপে সচেতনতামূলক থিম ও প্রদর্শনী

দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় শুক্রবার উৎসবমুখর হয়ে উঠল রাজ্যের পরিবহন দপ্তর। প্রতিবছরের মতো এবছরও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগরতলায় ত্রিপুরা পরিবহন নিগমের মুখ্য কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পূজা। পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই পূজায় দপ্তরের কর্মীদের পাশাপাশি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের প্রতিনিধিরাও অংশ নেন। তবে এবারের বিশ্বকর্মা পূজার আয়োজনে ছিল বিশেষ একটি দিক। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পুজো প্রাঙ্গণকে সাজানো হয় সড়ক নিরাপত্তা বা ‘রোড সেফটি’-কে কেন্দ্র করে বিভিন্ন সচেতনতামূলক থিম ও প্রদর্শনী দিয়ে। যানবাহন চালানোর সময় সাধারণ মানুষকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার বার্তা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রদর্শনীতে তুলে ধরা হয় গাড়ি চালানোর সময় কোন কোন নিয়ম মেনে চলা প্রয়োজন। পাশাপাশি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিপদ, নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ করা এবং নিরাপদভাবে যানবাহন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও বিভিন্ন সচেতনতামূলক থিমের মাধ্যমে তুলে ধরা হয়।

বিশ্বকর্মা পূজার দিন সাধারণত যন্ত্রপাতি ও যানবাহনের সঙ্গে যুক্ত মানুষজন নিজেদের কর্মক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের সুরক্ষা এবং সঠিক ব্যবহারের জন্য দেবশিল্পীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। সেই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবারের আয়োজনের সঙ্গে সড়ক নিরাপত্তার বিষয়টিকেও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বপরিবারে পুজো প্রাঙ্গণে গিয়ে তিনি বিশ্বকর্মা দেবের আরাধনায় অংশ নেন। পাশাপাশি পরিবহন দপ্তরের উদ্যোগে সাজানো বিভিন্ন সচেতনতামূলক থিম ও প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পুজো প্রাঙ্গণে পরিবহন দপ্তরের কর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের উপস্থিতিতে দিনভর ছিল উৎসবের আবহ। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও নজর কাড়ে। বিশেষ করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ থেকে বিরত থাকা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন অনুসরণ করার মতো বিষয়গুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে নিরাপদ সড়ক ব্যবস্থার প্রয়োজনীয়তার বার্তা দেওয়া হয়। সব মিলিয়ে এবারের বিশ্বকর্মা পূজা পরিবহন দপ্তরে শুধুমাত্র ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার পাশাপাশি ‘রোড সেফটি’-কে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়িত্বের বার্তাও উঠে এল এদিনের আয়োজন থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য