বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা সেপ্টেম্বর..…..সালাশি সভায় স্ত্রীর ওপর নৃশংস হামলা এবং সেই ঘটনা প্রত্যক্ষ করে সালিশি সভাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শ্বশুরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালে খোয়াই মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ দুই বছর ধরে চলা ওই মামলায় অভিযুক্ত অনুপ সাহাকে মঙ্গলবার সশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করলেন খোয়াই এর মাননীয় আদালত।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানান, মামলাটি দীর্ঘ দুই বছর ধরে আদালতে বিচারাধীন ছিল। বিচার প্রক্রিয়ায় মাননীয় আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর মঙ্গলবার আদালত অভিযুক্ত অনুপ সাহাকে দুটি পৃথক ধারায় যথাক্রমে পাঁচ বছর ও দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।এর পাশাপাশি আদালত আসামিকে একটি ধারায় ৫ হাজার টাকা এবং অন্য ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থ অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন মামলার সঙ্গে সংশ্লিষ্টরা।



