বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা সেপ্টেম্বর….অবৈধভাবে গাঁজা পাচারের দায়ে পার্থ দেবনাথ ও বিজেস দেববর্মাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানা করেছেন মাননীয় আদালত।জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ী এলাকা থেকে অবৈধভাবে ৭৯ কেজি গাঁজা পাচারের অভিযোগে পুলিশ পার্থ দেবনাথ ও বিজেস দেববর্মাকে আটক করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মামলাটির বিচার প্রক্রিয়া চলে।
মামলার বিচার চলাকালীন আদালত মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ ও মামলার অন্যান্য নথিপত্র পর্যালোচনার পর মঙ্গলবার, মাননীয় আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে,এবং এক লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ছিলেন প্রীতম দত্ত। অন্যদিকে, মামলায় সরকারপক্ষের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ দেব।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালতের এই রায়ে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।



